নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী থানার বিদায়ী ওসি শহীদুল ইসলামকে সংবর্ধনা জানিয়েছে ঈশ্বরদী প্রেসক্লাব। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীনের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য খোন্দকার মাহবুবুল হক দুদুর সঞ্চালনায় অনুষ্ঠানে ওসি শহীদুল ইসলাম তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, 'দায়িত্ব পালনের সময় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতা, সুধীজনসহ সব মহলের সহযোগিতায় আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে পেরেছেন।' তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে। কতটা পেরেছি, তা নির্ধারণ করবেন ঈশ্বরদীর মানুষ।’
তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলা হলেও ঈশ্বরদীতে এমন কোনো ঘটনা ঘটেনি। সাংবাদিক ও স্থানীয় মানুষের সহযোগিতায় আমরা নিরাপদে কাজ করে যেতে পেরেছি, এ জন্য আমি কৃতজ্ঞ।’
বিদায়ী ওসি ঈশ্বরদীর সাংবাদিকদের প্রশংসা করে বলেন, ‘মাদক দমন ও অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের তথ্যভিত্তিক সহযোগিতা সব সময়ই গুরুত্বপূর্ণ ছিল। এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই প্রত্যাশা।’
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব পালনের সময় শহীদুল ইসলাম পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে ঈশ্বরদীর সাধারণ মানুষ দলমত নির্বিশেষে পুলিশের কাছ থেকে সহজে সেবা পেয়েছে। বিশেষ করে রাজনৈতিক উত্তাপের সময়েও থানায় কোনো বিশৃঙ্খলা না হওয়ায় তাঁকে কৃতিত্ব দেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সহসভাপতি আবদুল মান্নান টিপু ও হাসানুজ্জামান, সহসাধারণ সম্পাদক সেলিম সরদার, অর্থ সম্পাদক মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মেহেদী হাসান, সমাজকল্যাণ সম্পাদক শহীদুল্লাহ খান এবং সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস, রিফাজ বিশ্বাস লালন, খালেদ মাহমুদ সুজন, মাসুদুল ইসলাম মাসুদ, জিল্লুর রহমান জীবনসহ অনেকে।

.jpg)
