নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য খাত, চিকিৎসাসামগ্রী তৈরি এবং এই শিল্পে যৌথ বিনিয়োগের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বড় সুযোগ রয়েছে।
সোমবার দুপুরে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের সৌজন্যে আয়োজিত এক মধ্যাহ্নভোজ সভায় এসব বিষয়ে আলোচনা হয়। ঢাকায় তুর্কি দূতাবাসে আয়োজিত এই সভায় অংশ নেন মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নাজমুল হাসান।
সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা স্বাস্থ্যসেবার মান বাড়ানো, আধুনিক চিকিৎসাসামগ্রী তৈরি এবং তুরস্ক থেকে বাংলাদেশে প্রযুক্তি স্থানান্তরের ওপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠানে মেগাসান বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রদূত রামিস শেনের হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রকৌশলী নাজমুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন, পরিচালক ইউনুস সিলেকতিন এবং ঢাকায় তুর্কি দূতাবাসের বাণিজ্য শাখার (কমার্শিয়াল উইং) কর্মকর্তা বিলাল বেলার।



