ডিবি পুলিশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডিবি পুলিশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঢাকায় ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের ৩ শীর্ষ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থেকে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ আবুল কালাম আজাদ মিন্টু এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শহিদুল ইসলাম রতন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার এই তিন নেতার সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মুঠোফোনে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ঢাকায় অবস্থান করে দলীয় কার্যক্রম জোরদারের বিষয়েও তাঁরা তৎপর ছিলেন।

এদিকে তিন নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ঈশ্বরদী ও আটঘরিয়ার রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে।’

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, ডিবি পুলিশের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে রায়হান আহামেদ রনি (৩২) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রায়হান আহামেদ মহাদেবপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে। তিনি সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর রায়হানকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে রায়হান আহামেদকে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার নথিপত্র জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের কাছে থাকায় ঠিক কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো সম্ভব হয়নি।

ঈশ্বরদীতে ১২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মো. ইমরান হোসেন রনো (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে পৌর শহরের ফতেহ মোহাম্মদপুর লোকো কলোনি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান হোসেন রনো লোকো কলোনি ফতেহ মোহাম্মদপুর উত্তর এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, ঈশ্বরদী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদ মেলে যে লোকো কলোনি এলাকায় ইয়াবা বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছেন। সংবাদের ভিত্তিতে ডিবির দলটি সেখানে অভিযান চালালে ইমরান পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করে তল্লাশি চালানো হলে পকেটে থাকা একটি জিপার ব্যাগ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান জানান, তিনি পাবনার বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে খুচরা বিক্রি করতেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইমরানের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন