জাতীয় সংসদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাতীয় সংসদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আ.লীগের সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী: ভোট অবাধ ও নিরপেক্ষ হবে, সবাইকে জিতে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাউকে জয়ী করার দায়িত্ব নিতে পারব না। ভোট অবাধ ও নিরপেক্ষ হবে। এই ভোটে সবাইকে জিতে আসতে হবে।

২২ অক্টোবর রোববার  সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এ কথা বলেন। সভার একাধিক সংসদ সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোট বানচালের ষড়যন্ত্র করে বিএনপি শেষ মুহূর্তে নির্বাচনে আসতে পারে বলেও আওয়ামী লীগ সভাপতি মন্তব্য করেন বলে জানিয়েছে। 

সংসদীয় দলের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এক ঘণ্টারও বেশি সময় অনুষ্ঠিত এ বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এতে সংসদ সদস্যদের মধ্যে মোতাহার হোসেন, শামীম ওসমান, নূর উদ্দিন চৌধুরী নয়ন, কাজী কেরামত আলী, আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী, রুবিনা আক্তার মিরা, অ‌্যারোমা দত্ত প্রমুখ বক্তব্য দেন।

জাতীয় ও আন্তর্জাতিক একটি মহল বাংলাদেশে অনির্বাচিত সরকার দেখতে চায় বলে বৈঠকে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পশ্চিমা বিশ্বের প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তারা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। সেই কারণে নির্বাচন বানচাল করতে পারলে একটি অনির্বাচিত সরকার এনে তাদের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারবে।

বৈঠকে জরিপের ভিত্তিতে যোগ্যদের মনোনয়ন দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন তথ্য-উপাত্ত ও সার্ভে রিপোর্ট অনুযায়ী মনোনয়ন দেওয়া হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে তার জন্য সবাইকে কাজ করতে হবে।

কাউকে জয়ী করার দায়িত্ব নিতে পারব না— মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘ভোট অবাধ ও নিরপেক্ষ হবে। এই ভোটে সবাইকে জিতে আসতে হবে। কাউকে জিতিয়ে আনার দায়িত্ব আমি নিতে পারব না। আমি কারো চেহারা দেখে মনোনয়ন দেব না। দেখে-শুনে জনপ্রিয় ব‌্যক্তিদের নমিনেশন দেব। এখানে যারা আছেন সবাই মনোনয়ন নাও পেতে পারেন। যাকে নমিনেশন দেব তার জন্য কাজ করতে হবে। নমিনেশন পান, না পান নৌকার বিরোধিতা করা যাবে না। যারা নৌকার বিরোধিতা করবে, তাদের রাজনীতি চিরতরে শেষ হয়ে যাবে’ হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি তার বক্তব্যে নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘তারা জানে নির্বাচন হলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। এ কারণে তারা নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচন বানচাল করে একটি অনির্বাচিত সরকার বসাতে চায়। এটা করতে পারলে তাদের তারা ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারবে।’

সভায় আলোচনার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে। সে কারণে নির্বাচন বাদ দিয়ে অনির্বাচিত সরকারকে চায় দেশি-বিদেশি অনেকে। কারণ, অনির্বাচিত সরকার হলে তাদের প্রভাব বিস্তার করতে সুবিধা হয়।’

নির্বাচনে জয়লাভ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, মনোনয়ন দেওয়া হবে বিভিন্ন জরিপের প্রতিবেদনের ভিত্তিতে। যার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা রয়েছে তাকে মনোনয়ন দেওয়া হবে। প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

জানা গেছে, বৈঠকে বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোনো বাধা দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন। বলেন, ‘তারা আন্দোলন করতে চায়, করবে। কোনো সমস‌্যা নেই। আমরা বাধা দেব না। তবে অগ্নিসন্ত্রাস, ভাঙচুর করলে ছাড় দেওয়া হবে না। আমরা সব মোকাবিলা করে অভ্যস্ত। হেফাজত মোকাবিলা করেছি। জামায়াত-বিএনপি মোকাবিলা করেছি। এবারও করব।’

বৈঠকে উপস্থিত এক নেতা বলেন, শেখ হাসিনা বৈঠকে বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে না। আমরাও যাতে নির্বাচনে অংশ না নিই, সেই ষড়যন্ত্র চলছে। এটা হলে তারা তাদের ইচ্ছেমতো ব‌্যক্তিদের ক্ষমতায় বসাতে পারবে। এ ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে।

জানা গেছে বৈঠকে কাজী কেরামত আলী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন। তার ভাইকে সাধারণ সম্পাদক করার পর থেকে তিনি নির্যাতনের শিকার হয়ে আসছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এলাকায় গিয়ে এমপিদের মিটিং করার জন‌্য। কিন্তু জেলা আওয়ামী লীগের কথা হচ্ছে, তাদের অনুমতি ছাড়া কোনো মিটিং করা যাবে না। এমপি হয়েও কী তিনি এলাকায় যেতে পারবেন না— প্রশ্ন তোলেন তিনি।

শামীম ওসমান তার বক্তব্যে অন্তঃকোন্দল ভুলে গিয়ে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বৈঠকে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, আমাদের ত্যাগী নেতাকর্মী রয়েছে। তারপরও অন্য দলের প্রার্থীদের আসন ছেড়ে দেওয়া হয়। আমরা চাই, আমাদের চারটি সিটই (লক্ষ্মীপুর জেলার ৪ সংসদীয় আসন) আওয়ামী লীগের যেন হয়। আমরা সবাই এক জোট। আশা করি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জিতে আসতে পারব।

জনগণের বহুমুখী উন্নয়নে আইন প্রণয়ন করেছেন প্রধানমন্ত্রী : স্পিকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জনগণের ভাগ্যোন্নয়নে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করেছেন। জনগণের বহুমুখী উন্নয়ন সাধনের জন্য প্রধানমন্ত্রী কার্যকর আইন ও নীতি প্রণয়ন করেছেন। সংবিধান অনুযায়ী জনজীবনের সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতকরণে নিরলস কাজ করে চলেছেন শেখ হাসিনা।

বুধবার ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্ট্যাডিজ কর্তৃক আয়োজিত ‘সংসদীয় গণতন্ত্রে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতকরণে জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব’ শীর্ষক সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানে সমাজের অনগ্রসর জনগণের সুযোগের সমতা নিশ্চিতকরণের বিধান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের আওতায় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিতদের জন্য ৯ লাখ ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, কৃষকদের ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় গরিবদের স্বাবলম্বী হওয়ার সুযোগ দিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের বাজেট জনবান্ধব বাজেট। লিঙ্গ সংবেদনশীল এই বাজেটে সমাজের নারী ও শিশুদের কল্যাণের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্তর্ভুক্ত করে এদেশের দারিদ্র্যের হার গত বারো বছরে শতকরা ৪০ থেকে ১৮ শতাংশে নেমে এসেছে। অতি দারিদ্র্য নারী, বিধবা, স্বামী পরিত্যক্তা নারী, গর্ভবতী এবং ল্যাকটেটিং মায়েদের জন্যও বিভিন্ন ধরনের ভাতা ও আর্থিক সহায়তা রয়েছে।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ শোষণ-বঞ্চনাহীন একটি গণতান্ত্রিক দেশ। এদেশের সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের জীবনমানের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছেন। বাংলাদেশের তৃণমূল পর্যন্ত জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে জাতীয় সংসদ কাজ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিডারশিপের কারণে বাংলাদেশ সবার সহযোগিতায় ২০২৬ সালের মধ্যে এলডিসি তালিকা থেকে বের হয়ে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় স্পিকার এ ধরনের সেশন আয়োজনের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্ট্যাডিজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্ট্যাডিজের ডিরেক্টর সহযোগী অধ্যাপক ইকবাল সিং সেভিয়ার সঞ্চালনায় এ সেশনে বাংলাদেশ সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার তৌহিদুল ইসলামসহ ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইন্সটিটিউট অব সাউথ এশিয়ান স্ট্যাডিজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার বার দরকার শেখ হাসিনা সরকার: ঈশ্বরদীতে ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক:  জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন "শেখ হাসিনার সরকার- বারবার দরকার’’ এটা কোন স্লোগান নয়। এটা বাস্তবতা। আমরা আগামী নির্বাচনে শেখ হাসিনা সঙ্গে থাকবো, নৌকার প্রতীকের সঙ্গে থাকবো ও নৌকার বিজয় সুনিশ্চিত করব।" 

বুধবার পাবনার ঈশ্বরদীতে ’বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট’ পরিদর্শনে এসে জনপ্রতিনিধি, বিজ্ঞানী, কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন "আমরা সকল সন্ত্রাস, ষড়যন্ত্র ও জঙ্গিবাদকে মোকাবিলা করে আগামী নির্বাচনে নৌকা প্রতীককেই বিজয় করব।" জাতীয় সংসদ সদস্যদের নিয়ে ঈশ্বরদী পরিদর্শন সম্পর্কে ডেপুটি স্পিকার বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার কৃতি সন্তানকে মহামান্য রাষ্ট্রপতি ও একজনকে সংসদের ডেপুটি স্পিকার করেছেন। তাই সংসদ সদস্যদের আগ্রহে তারা পাবনা জেলার মানুষ ও এখানকার উন্নয়ন দেখতে এসেছেন।" 

মতবিনিময় সভায় অতিথির বক্তব্যে পাবনা ৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদী বিমানবন্দর ও পাবনা চিনিকল চালুর জন্য ডেপুটি স্পিকারের সহযোগিতা প্রত্যাশা করেন। সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডঃ ওমর আলীর সভাপতিত্বে এসময় জাতীয় সংসদের ১৩ জন নারী এমপি, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, মুরাদ আলী মালিথা, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, ঈশ্বরদী ইউএনও সুবীর কুমার দাস, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম, দৈনিক বীর বাংলা সম্পাদক ওহিদুজ্জামান টিপুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ডিপুটি স্পিকার শামসুল হক গতকাল বুধবার বেলা ১২টার দিকে সড়কপথে ঈশ্বরদীতে আসেন। তিনি সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সুগারক্রপ পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার নির্মানাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প পরিদর্শনে যান। 

সেখানে রূপপুর প্রকল্পের প্রধান প্রকৌশলী মো: আশরাফুল ইসলাম প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানসহ রূপপুর প্রকল্পের দেশি-বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন