নিজস্ব প্রতিবেদন: শারদীয় দুর্গোূৎসব উপলক্ষে ঈশ্বরদীতে আনসার ও ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও দায়িত্ব পালনের বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে প্রশিক্ষণ মাঠে এ কর্মসূচি আয়োজিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রহমতুল বারীর সভাপতিত্বে এবং প্রশিক্ষিকা মনিরা জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান।
ওসি আশাদুর রহমান বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পূজামণ্ডপে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। কোথাও সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত পুলিশ ও কর্তৃপক্ষকে জানাতে হবে। দুর্গাপূজা সর্বজনীন উৎসব উল্লেখ করে তিনি বলেন, কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে আনসার-ভিডিপি সদস্যদের সজাগ থাকতে হবে।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ৩৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৫টি অধিক গুরুত্বপূর্ণ, ১০টি গুরুত্বপূর্ণ এবং ১০টি সাধারণ মণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ১৭৪ জন পুরুষ ও ৭০ জন নারীসহ মোট ২৪৪ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত থাকবেন।
সভাপতির বক্তব্যে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রহমতুল বারী বলেন, উৎসব যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য আনসার বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপির দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা এবং ইউনিয়ন আনসার প্লাটুনের কমান্ডাররা উপস্থিত ছিলেন।
