নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ইসলামি বক্তা মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য ও ব্যক্তিগত আক্রমণ বন্ধের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে স্থানীয় ছাত্রদল। শনিবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মহন ঈশ্বরদী থানায় উপস্থিত হয়ে এসংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেন। তিনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিনের হাতে স্মারকলিপিটি তুলে দেন।
আগামী ২১ অক্টোবর উপজেলার সাহাপুর ইউনিয়নের কদিমপাড়া দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে মুফতি আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডলের উপস্থিত থাকার কথা রয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, ধর্মীয় আলোচনা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে ওয়াজ মাহফিলের আয়োজন ইতিবাচক হলেও ধর্মীয় মঞ্চ ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য, দলীয় প্রচার বা ব্যক্তিগত আক্রমণ চালানো হলে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ উত্তপ্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই মাহফিলের বক্তব্য কেবল কোরআন-হাদিসের আলোচনা ও ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখতে এবং উসকানিমূলক মন্তব্য রোধে প্রশাসনিক নজরদারি নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ বিষয়ে ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মহন বলেন, তাঁরা ওয়াজ মাহফিল বা ধর্মীয় আয়োজনের বিপক্ষে নন, বরং তাঁদের মূল দাবি হলো ধর্মীয় মঞ্চকে রাজনৈতিক প্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের ঊর্ধ্বে রাখা। অতীতে বিভিন্ন স্থানে ইসলামি মঞ্চে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে ঈশ্বরদীর স্বাভাবিক ও শান্ত পরিবেশ বজায় রাখতেই প্রশাসনকে আগেভাগে বিষয়টি জানানো হয়েছে।

