ঈশ্বরদীতে অটোরিকশা থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে চলন্ত অটোরিকশা থেকে পড়ে মো. রাসেল প্রামাণিক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চরসাহাপুর এলাকায় রূপপুর গ্রিনসিটির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল প্রামাণিক পাবনা সদর উপজেলার কাশিপুর বটতলা এলাকার মৃত মোস্তফা প্রামাণিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অটোরিকশার ব্যাটারি পরিবর্তন করতে রাসেলসহ চারজন ঈশ্বরদী শহরে আসেন। শহরের আলহাজ মোড় এলাকার একটি দোকান থেকে কাজ শেষে রাতে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে অটোরিকশায় সাউন্ড বক্সে গান বাজিয়ে আনন্দ করার সময় অসাবধানতাবশত যানটি থেকে নিচে পড়ে যান রাসেল। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অসাবধানতাবশত চলন্ত অটোরিকশা থেকে পড়ে রাসেল মারা যান। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন