নিজস্ব প্রতিবেদক: অসাধু উপায়ে ওজন বাড়াতে জেলি দেওয়া চিংড়ি বিক্রির অভিযোগে ঈশ্বরদীতে এক মাছ ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিক্রির জন্য রাখা ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
শনিবার সকালে পৌর শহরের প্রধান মাছ বাজারে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার। এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিনসহ মৎস্য দপ্তর ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র চিংড়ি মাছে জেলি প্রয়োগ করে বাজারজাত করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।
অপরাধ স্বীকার করায় মৎস্য আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা চিংড়িগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার জানান, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত মাছের সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

