পদ্মার চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনসহ চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে সরকার সবসময় পাশে রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। তিনি বলেন, দেশের যেকোনো প্রান্তের মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুরের পদ্মা নদীর চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। লালপুর উপজেলার নওশারা সুলতানপুরে ২১৪টি এবং দিয়াড় শংকরপুরে ১৮৬টি পরিবারের হাতে তিনি ৩০ কেজি করে চালসহ ডাল, ভোজ্যতেল, চিনি, চিড়া, মুড়ি, প্রয়োজনীয় ওষুধ ও নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুস সালামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

ত্রাণ বিতরণকালে বন্যার্তদের খোঁজখবর নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট—যেকোনো দুর্যোগ মোকাবিলার পূর্ণ সক্ষমতা সরকারের রয়েছে। চরাঞ্চলে সন্ত্রাসীদের কোনো অপতৎপরতা সহ্য করা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, চরের মানুষের যাতায়াত সহজ করা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাইক্লোন শেল্টার নির্মাণের পাশাপাশি চরাঞ্চলের অর্থনীতি গতিশীল করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন