ঈশ্বরদীতে চালের কার্ড না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাল বিক্রির কার্ড না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মানিকনগর পাঠশালা মোড়ে এ ঘটনা ঘটে। আহত প্যানেল চেয়ারম্যান বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত মহির উদ্দিন মণ্ডল ছলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। তিনি ছলিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক এবং ভাড়ইমারী গ্রামের মৃত নায়েব আলী মণ্ডলের ছেলে। দীর্ঘদিন ধরে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় তাঁকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে প্যানেল চেয়ারম্যান মহির মণ্ডল সরকারি চাল বিক্রির স্থান পরিদর্শনে মানিকনগর পাঠশালা মোড়ে যান। এ সময় চালের কার্ড নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে স্থানীয় যুবক মোহাম্মদ রিপন ওরফে ‘গিট্টু রিপন’ তাঁকে ছুরিকাঘাত করেন।

অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি মহির মণ্ডলের কাছে সরকারি চালের কয়েকটি কার্ড চান রিপন। তখন চেয়ারম্যান তাঁকে বিষয়টি পরে জানানোর কথা বলেন। সকালে পাঠশালা মোড়ে চাল বিক্রি শুরু হলে রিপন সেখানে হাজির হন।

পরে চেয়ারম্যানের কাছে চালের কার্ড চাইলে তিনি ‘কার্ড আপাতত শেষ’ বলে জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে চেয়ারম্যানের বাম পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান রিপন। পরে স্থানীয় লোকজন মহির মণ্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন