রূপপুরে রাশিয়ার জাতীয় পতাকা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা ‘গ্রিন সিটি’তে রাশিয়ার জাতীয় পতাকা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে গ্রিন সিটিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত রুশ নাগরিক, প্রকৌশলী ও কর্মকর্তারা অংশ নেন। এ সময় দেশটির জাতীয় পতাকা প্রদর্শনের পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া ও বাংলাদেশের বিশেষজ্ঞরা যৌথভাবে কাজ করছেন। গ্রিন সিটিতে বিপুলসংখ্যক রুশ নাগরিক বসবাস করায় নিয়মিতই সেখানে দেশটির নানা জাতীয় ও সাংস্কৃতিক দিবস পালন করা হয়।

প্রতিবছর ২২ আগস্ট রাশিয়ার জাতীয় পতাকা দিবস পালিত হয়। সাদা, নীল ও লাল রঙের ত্রিবর্ণের পতাকাটি দেশটির অন্যতম প্রধান রাষ্ট্রীয় প্রতীক। ১৯৯৪ সালে আনুষ্ঠানিকভাবে দিনটিকে জাতীয় পতাকা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন