নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঢুলটি বাজার এলাকায় অটোরিকশার ধাক্কায় বাহাজুল ইসলাম (৪৫) নামের এক স্কুটিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা দুই শিশু আহত হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বাহাজুল ইসলাম দুই শিশুকে নিয়ে শ্বশুরবাড়িতে নবজাতক সন্তানকে দেখে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে ঢুলটি বাজার এলাকায় একটি অটোরিকশা তাঁর বাহনটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা শিশু দুটিও আঘাত পায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাহাজুলের মৃত্যু হয়। আহত দুই শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

