নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে এলপিজিবাহী ট্যাঙ্কার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহের শৈলকূপা থেকে ১৯ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল ‘গ্রিন এক্সপ্রেস’-এর একটি বাস। যানটি নতুনহাট গোলচত্বর এলাকায় পৌঁছালে বিপরীত লেন দিয়ে আসা একটি এলপিজিবাহী ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘাত হয়। এতে উভয় যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় বাসের ছয় যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত। ঘটনার পরপরই ট্যাঙ্কারটির চালক ও সহকারী পালিয়ে যান।
গ্রিন এক্সপ্রেস বাসের চালক রুবেল হোসেন বলেন, শৈলকূপা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলাম। গোলচত্বরে বিপরীত দিক থেকে ভুল লেনে চলে আসা ট্যাঙ্কারটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী আঘাত পান।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্যাঙ্কারটি ভুল লেনে থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

