ঈশ্বরদীতে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে শফিকুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় পাবনা সদর উপজেলার দাপুনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও ঘটনার বিবরণ থেকে জানা গেছে, গত ১৭ জুলাই রাত ১১টার দিকে পাবনা শহরের বাস কাউন্টার এলাকা থেকে ঈশ্বরদীর রূপপুরে যাওয়ার উদ্দেশ্যে দুজন যাত্রী অটোরিকশাটি ভাড়া করেন। রিকশাটি দাশুড়িয়া ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় পৌঁছালে পেছনের দুই যাত্রী চালক নিশাতের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। আত্ম রক্ষার্থে চালক নিশাত চলন্ত গাড়ি থেকে রাস্তায় লাফিয়ে পড়েন। পরে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা আহত নিশাতকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যান। পুলিশ ঘটনা শুনে তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী চালক থানায় মামলা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে দাপুনিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার আসামিকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা অটোরিকশাটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন