নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ইকবাল মল্লিক (৪৯) নামের এক চা-দোকানি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত রহিম উদ্দিন মল্লিকের ছেলে। শহরের আলহাজ মোড়ে তাঁর একটি চায়ের দোকান রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে আলহাজ মোড় এলাকায় গন্তব্যে যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে একটি রিকশাকে থামার সংকেত দেন ইকবাল। রিকশাটি না থেমে চলে যাওয়ার পরপরই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক তাঁকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
সংকটজনক অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, সড়কে রিকশার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ইজিবাইক এসে তাঁকে ধাক্কা দেয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

