নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন রুশ নাগরিক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম ইমন (২২)। তিনি নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ নাগরিকদের নিয়ে একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে যান দুটিই দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রাকসহকারী ইমন।
আহতদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাঁদের উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গভীর রাতে অ্যাম্বুলেন্সে করে ঈশ্বরদীর গ্রিন সিটি এবং পরবর্তীতে ঢাকায় পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিরাপত্তা নিশ্চিত করে। তবে নিরাপত্তাজনিত কারণে আহত রুশ নাগরিকেরা নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার রুস্তম আলী বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে সড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

