ঈশ্বরদীতে লাইনচ্যুত বগি উদ্ধার, সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরের পথে চলল ট্রেন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত দুটি বগি উদ্ধারের সাড়ে পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার শেষে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম।

এর আগে সোমবার বিকেল ৪টার দিকে আকস্মিক এই দুর্ঘটনা ঘটে। এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

এই ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা মোশাররফ হোসেন ভূঁইয়াকে।

কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দিয়েছে রেলওয়ে বিভাগ।

রেলওয়ে বিভাগ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের ঠিক আগে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির দুটি বগির আটটি চাকা রেললাইন থেকে সরে যায়।

পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম বলেন, খবর পেয়ে ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের পর রাত সাড়ে ৯টার দিকে রেল চলাচল পুনরায় শুরু হয়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন