নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী রেলগেট এলাকায় যানজট কমানো, সড়কের শৃঙ্খলা ঠিক রাখা এবং মানুষের সেবার মান বাড়ানোর জন্য ট্রাফিক পুলিশের নতুন বক্স উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রেল কর্তৃপক্ষ ও পাবনা জেলা পুলিশের যৌথ উদ্যোগে তৈরি এই ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন পাবনা জেলা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, রেলওয়ে সার্কেলের পুলিশ কর্মকর্তা দ্বীন-ই-আলম, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান, ঈশ্বরদী ট্রাফিক ইনচার্জ আব্দুল আল মাহমুদ, আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেনসহ পুলিশ ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধন শেষে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, ‘উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কে ট্রাফিক পুলিশ বক্স তৈরির ফলে ট্রাফিক সদস্যরা আরও দ্রুত ও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি সাধারণ মানুষও জরুরি প্রয়োজনে সহজেই পুলিশের সাহায্য নিতে পারবেন।’
তিনি আশা প্রকাশ করেন, নতুন এই ট্রাফিক পুলিশ বক্স চালুর মাধ্যমে ঈশ্বরদী রেলগেট এলাকায় যানজট কমানো, সড়কের শৃঙ্খলা রক্ষা এবং জনসেবার কাজ আরও গতিশীল হবে।

