নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর মো. নূরে আলম দিপু ৪৭তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। প্রথমবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়েই তিনি এ সাফল্য অর্জন করেছেন।
রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে।
জানা গেছে, নূরে আলম দিপু ঈশ্বরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবা সিরাজুল ইসলাম এবং মা নাছিমা আক্তার।
তিনি ২০২৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
দিপুর শিক্ষাজীবন শুরু হয় আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে তিনি এয়ারপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইক্ষু গবেষণা উচ্চবিদ্যালয় এবং ঈশ্বরদী সরকারি কলেজে পড়াশোনা করেন।
নিজের অনুভূতি প্রকাশ করে নূরে আলম দিপু বলেন, ‘আল্লাহর অশেষ রহমত এবং বাবা-মায়ের দোয়ায় আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় যে শৃঙ্খলা ও অধ্যবসায়ের শিক্ষা পেয়েছি, তা বিসিএসের দীর্ঘ প্রস্তুতির পথে আমাকে অনেক সহায়তা করেছে। আমি সবার কাছে দোয়া চাই, যেন সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে পারি।’

