নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য প্রচারের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন ইটভাটা মালিক সমিতি।
শুক্রবার বিকেলে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদা গ্রামের একটি ইটভাটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির কোষাধ্যক্ষ ফরিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, ঈশ্বরদী প্রেসক্লাবের সম্পাদক শেখ মেহেদী হাসান, দৈনিক যায়যায়দিন-এর ঈশ্বরদী প্রতিনিধি খালেদ মাহমুদ সুজন এবং সাংবাদিক ওহিদুজ্জামান টিপুর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে করা পোস্ট ও শেয়ারের মাধ্যমে তাঁরা দেখতে পান, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তথ্য প্রচার করা হয়েছে।
বক্তব্যে দাবি করা হয়, সেখানে উল্লেখ করা হয়েছে যে, ৫ আগস্টের পর নিজ উপজেলা লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের ৫৬টি ইটভাটায় সরকারি খাসজমি থেকে মাটি কাটার চক্রের মাধ্যমে প্রতিদিন ৩ লাখ ৭৭ হাজার টাকা নেওয়া হয়েছে এবং একটি ইটভাটা থেকেই ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের মৌসুমে অন্তত তিন কোটি টাকা নেওয়া হয়েছে।
ইটভাটা মালিক সমিতির নেতারা এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তাঁদের অভিযোগ, কোনো ধরনের তথ্য যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য প্রচার করা হয়েছে, যা আইনগতভাবে অপরাধ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাঁদের সঠিক ও দায়িত্বশীল তথ্য উপস্থাপনের মাধ্যমে সমাজ উপকৃত হয়। তাই কোনো ব্যক্তির বিরুদ্ধে তথ্য যাচাই ছাড়া মনগড়া অভিযোগ প্রচার না করার আহ্বান জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন ইটভাটা মালিক সমিতির সভাপতি সান্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, কোষাধ্যক্ষ ফরিদুল ইসলাম এবং ইটভাটা মালিক মাসুদ রানা, আব্দুল্লাহ মোল্লা, আবু বকর সিদ্দিক, ওবায়দুল্লাহ, কালু মণ্ডল, আরিফ ও সালাম মণ্ডল উপস্থিত ছিলেন।

