পাঁচ বছরের মধ্যে ঈশ্বরদী-আটঘরিয়ায় কোনো কাঁচা রাস্তা থাকবে না: তালেব এমপি

নিজস্ব প্রতিবেদক: আগামী পাঁচ বছরের মধ্যে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলায় কোনো কাঁচা রাস্তা থাকবে না বলে জানিয়েছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। এমনকি দুই বছর সময় পেলেও এলাকার সব কাঁচা রাস্তা পাকাকরণের কাজ শেষ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার সকালে ঈশ্বরদী উপজেলার মাজদিয়ায় সাঁড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, ‘গত দুই-আড়াই মাসে এলাকার সব রাস্তার তালিকা প্রস্তুত করেছি। উন্নয়নকাজ শুরু হয়েছে, তবে সব কাজ শেষ করতে কিছুটা সময় প্রয়োজন।’

তিনি আরও বলেন, গত চার মাসে আধা সরকারি পত্র বা চাহিদাপত্রসহ বিভিন্ন প্রক্রিয়ায় ঈশ্বরদী ও আটঘরিয়ার জন্য প্রায় ৮০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ গ্রহণ করা হয়েছে।

সাঁড়া ইউনিয়ন আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার খান, জেলা তালিমুল কোরআন সম্পাদক গোলাম রব্বানী খান জুবায়ের, উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, উপজেলা নায়েবে আমির নূর মোহাম্মদ, উপজেলা সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম এবং সাঁড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুদ্দিন খান।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন