নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে ‘উচ্চপর্যায়ের পারমাণবিক শক্তি কৌশল, বাস্তবতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপন্থা’ শিরোনামে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
গোলটেবিল আলোচনায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি, পারমাণবিক প্রযুক্তির নিরাপদ ব্যবহার, দক্ষ জনবল তৈরি, নিয়ন্ত্রণকারী কাঠামো শক্তিশালী করা, জনসচেতনতা বাড়ানো এবং জাতীয় উন্নয়নে পারমাণবিক প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, দেশের বাড়তে থাকা বিদ্যুতের চাহিদা পূরণ এবং টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্বাস্থ্য, কৃষি, শিল্প, খাদ্য নিরাপত্তা, পানি ব্যবস্থাপনা ও বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং অ্যাম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল।
এ ছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম এবং প্রধান সমন্বয়ক (এনএসপিসি) ব্রিগেডিয়ার রোবায়েত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন দিক তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা উপস্থাপনা করেন।
এই গোলটেবিল আলোচনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, শিক্ষাবিদ, শিল্পখাতের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুই দিনের সফরের দ্বিতীয় দিনে আজ শনিবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তাঁরা প্রকল্পের বিভিন্ন কাজ ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

