নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাকশী বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন পাকশী বাজারপাড়া জামে মসজিদের পূর্ব পাশে রাস্তার ধারের একটি ময়লার স্তূপে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে ঝটিকা অভিযান চালায় পুলিশ। অভিযানে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি।
এসআই মনিরুল ইসলাম আরও জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। কে বা কারা জনবহুল এলাকায় ময়লার স্তূপে এসব অস্ত্র ফেলে গেছে, তাদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

