নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহরের খাইরুজ্জামান বাবু বাস টার্মিনাল সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুমিনুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঈশ্বরদী প্রেসক্লাব, উপজেলা বিএনপি, পাকশী হাইওয়ে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কৃষি বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০টায় ঈশ্বরদী উপজেলা জামায়াত শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করে।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তালেব মন্ডল। উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেহাব উদ্দিন, উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামানিক ও পৌর জামায়াতের আমির গোলাম আজম খানসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।


