পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে গতি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর পদ্মার চরে ১০০ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ ধাপে ধাপে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে বিল বামনী ও লালপুর মৌজায় প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করেন বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলোর প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন এশিয়া গ্রুপের জেনারেল ম্যানেজমেন্ট প্রতিনিধি মোহাম্মদ রুশদী, সিন শিন গ্লোবাল লিমিটেডের প্রতিনিধি বাইয়ুঙশিয়ল সিন এবং ডি.আই এশিয়া কোম্পানি লিমিটেডের প্রতিনিধি জংমিন ইয়ুন।

পরিদর্শনের সময় তারা প্রকল্পের সম্ভাব্যতা, পরিবেশ ও প্রযুক্তিগত দিকসমূহ মূল্যায়ন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। সবকিছু অনুকূলে থাকলে খুব শীঘ্রই প্রকল্প বাস্তবায়ন শুরু হবে বলে আশাবাদ প্রকাশ করেন তাঁরা।

প্রতিনিধিরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করবে এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পথ আরও শক্তিশালী হবে।

এসময় প্রকল্পটির স্থানীয় অফিসের ব্যবস্থাপক মো. আব্দুর রশিদও উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন