ঈশ্বরদীতে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদন: ৯ম পে-স্কেল বাস্তবায়ন এবং বেতন বৈষম্য দূর করার দাবিতে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। 

 বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ঈশ্বরদী শাখার উদ্যোগে  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে এই কর্মসূচি পালিত হয়।

মিছিলে অংশ নেওয়া কর্মচারীরা বক্তব্যে সরকারের প্রতি দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের আহ্বান জানান। তারা অভিযোগ করেন, পে-স্কেল কার্যকরীকরণে দীর্ঘসূত্রিতা এবং প্রহসনের ঘটনা চলছে। এই পরিস্থিতির প্রতিবাদে মাঠে নামতে বাধ্য হয়েছেন তারা। কর্মচারীরা আগামী ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে পে-স্কেল কার্যকর এবং বেতন বৈষম্য দূর করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের দাবি জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল শাখার সভাপতি মাসুদ রানা নয়নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছবি মন্ডলের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন শাখার কার্যকরী সভাপতি জিয়া উদ্দিন, সহ-সভাপতি মীর মোহাম্মদ ইউসুফ, যুগ্ন-সম্পাদক সজিব মাহমুদ, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সেলিম বিশ্বাস, সিরাজগঞ্জ শাখার সম্পাদক ফিরোজ মাহমুদ, ঈশ্বরদী রেলওয়ে রানিং স্টাফ কমিটির সভাপতি মহিদুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা নাসির উদ্দিন ফারুকী এবং স্টেশন সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান।

এছাড়াও ঈশ্বরদী উপজেলা শ্রমিকদল ও রেলওয়ে কর্মচারী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং রেলওয়ে কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তারা রেলওয়ে স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল করেন এবং ট্রেন থামিয়ে প্রতিবাদ জানান।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন