ঈশ্বরদীতে ক্ষুধার্ত প্রতিবন্ধী সাগরের খোঁজ নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মরহুম সুরুজ দম্পতির কনিষ্ঠ ছেলে সাগর মানসিকভাবে প্রতিবন্ধী। ক্ষুধা লাগলে সে বাবা–মায়ের কবরের পাশে গিয়ে কাঁদত আর খাবার চাইত। এই হৃদয়বিদারক ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে।

মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জানান, সাগরের সারাজীবনের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান।

হাবিবুর রহমান বলেন, ‘আজকের যুগে কেউ পেটের ক্ষুধায় মৃত বাবা–মায়ের কবরের পাশে গিয়ে কাঁদবে—এটা খুব বেদনাদায়ক ও অমানবিক। খবরটি জানার পর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাগরের আজীবন দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন।’

তিনি আরও জানান, সাগরের যত্ন নিচ্ছিলেন তার ফুফা মল্লিক চাঁদ, যিনি পেশায় চা বিক্রেতা। আর্থিক কষ্টের মধ্যেও তিনি সাগরকে আগলে রেখেছেন। স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করে সাগরের স্থায়ী ভরণপোষণ ও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম রকি, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন স্বপন, জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়নসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতারা।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন