ঈশ্বরদীতে গবাদিপশুর খাবার সংরক্ষণের কৌশল শিখলেন খামারিরা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে গরুর খাবার ও তা সংরক্ষণের পদ্ধতি নিয়ে মাঠ দিবস হয়েছে। বুধবার বিকেলে মুলাডুলি ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৪০ জন খামারি হাতে-কলমে শিখেছেন কীভাবে কাঁচা ঘাস ব্যবহার করে সাইলেজ তৈরি করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এস.এম. মুশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উবিনীগ’ ও ‘শস্য প্রবর্তনা’র ব্যবস্থাপক মোছা. আজমেরী খাতুন, ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন, এলইও ডা. মো. আহাদ, এলএফএ মো. নবীনসহ স্থানীয় ডেইরি খামারিরা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সামনে ঘাস কেটে সাইলেজ তৈরির প্রতিটি ধাপ দেখানো হয়। এতে খামারিরা সরাসরি পদ্ধতিটি অনুশীলনের সুযোগ পান।

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন বলেন, ‘সাইলেজ হলো কাঁচা ঘাস সংরক্ষণের একটি কার্যকর উপায়। বর্ষার সময় মাঠে পানি জমে গেলে সবুজ ঘাসের সংকট দেখা দেয়। তখন সংরক্ষিত খাবার ব্যবহার করলে গরুর পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব হয়, যা দুধের উৎপাদন বাড়াতে সহায়ক।’

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন