পাবনা-৪: মনোনয়নের আশ্বাসে উচ্ছ্বাস, নেতাকর্মীদের মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হাবিব মৌখিক অনুমোদন পেয়েছেন এ দাবি করে আনন্দ র‍্যালি ও সমাবেশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

রোববার সকালে পাকশী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো এই কর্মসূচির আয়োজন করে। আমতলা এলাকা থেকে শুরু হয়ে র‍্যালিটি পাকশীর বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় পুনরায় একই স্থানে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন।

আজমল হোসেন সুজন বলেন, ‘কেন্দ্রীয় বিএনপি থেকে পাবনা-৪ আসনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য হাবিবুর রহমান হাবিবকে মৌখিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে কর্মীরা উজ্জীবিত হয়ে আজকের আনন্দ র‍্যালির আয়োজন করি।’

সমাবেশ পরিচালনা করেন পাবনা জেলা ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক রাজন আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাকশী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম পাতা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল আজাদ অনল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুন নবী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোল্লা রেজা ও শাহিন হোসেন, যুবদল নেতা কবির হোসেন ও চঞ্চল হোসেন, ইউনিয়ন কৃষকদলের সদস্যসচিব সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা সুজন ও সাব্বির হোসেনসহ আরও অনেকে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন