ঈশ্বরদীতে দুই ভাইয়ের মারামারি, নিহত ১ জন

জিপু সরদার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অপর ভাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জিপু সরদার (৩০)। আহত মনিরুল সরদার (৩৫) তাঁর বড় ভাই। তাঁরা ওই গ্রামের রিকাত আলী সরদারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই মিলে একসঙ্গে বাড়ি নির্মাণ করছিলেন। কিন্তু জমি ও নির্মাণসংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। এ নিয়ে আজ সকালে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। জিপু ও মনিরুল—উভয়ই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিপুর মৃত্যু হয়। মনিরুল বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, 'পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।'

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন