রাশিয়া থেকে রূপপুর প্রকল্পে আসছে হেভি ক্রেন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  রাশিয়ার নাভাসিবিয়েরস্ক সমুদ্র বন্দরে পৌঁছেছে ৫০ টন ক্ষমতাসম্পন্ন একটি ব্রিজ ক্রেন। এই ক্রেনটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের কাজের জন্য ব্যবহৃত হবে। এছাড়াও ১৬ টন এবং ৩২ টন ক্ষমতাসম্পন্ন দুটি ক্রেনও একই সময়ে পাঠানো হচ্ছে।

সোমবার রাশিয়ার পরমাণু সংস্থা রসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রসাটমের প্রকৌশল বিভাগ এবং ভিপিও যায়েস এর বিশেষজ্ঞরা মালপত্র পরিবহন করার আগে এসব যন্ত্রপাতির মান এবং নিরাপত্তা নিশ্চিত করেছেন।

রসাটমের বিদ্যুৎ শক্তি শাখার অঙ্গপ্রতিষ্ঠান এতমএনার্গোরিমন্টের উপমহাপরিচালক ভ্লাদিমির পাপো বলেন, ‘আমরা সর্বোচ্চ মান এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রূপপুর প্রকল্পের জন্য যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে আমরা আন্তর্জাতিক প্রকল্পে আমাদের সক্ষমতার প্রমাণ রাখছি।’

রূপপুরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে দুটি ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার ইউনিট থাকবে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন