নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে আগামীকাল মঙ্গলবার পাবনায় জনসভা করবে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই জনসভায় স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটানোর পরিকল্পনা নিয়েছে দলটি।
সোমবার সন্ধ্যায় পাবনার পিসিসিএস রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা বিএনপির নেতারা। সংবাদ সম্মেলনে জনসভার প্রস্তুতি সম্পর্কে কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
তারা জানান, পাবনায় দেশের অন্যতম বৃহৎ আটরশি দরবার শরীফের মাহফিল থাকায় গণপরিবহনে সংকট দেখা দিলেও বিএনপি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তাদের আশা, হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ এই জনসভায় অংশ নেবেন এবং এটি পাবনার ইতিহাসে সর্ববৃহৎ জনসমাগম হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ মন্ট, যুগ্ম আহ্বায়ক আবু ওবায়েদ শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম, জেলা যুবদলের সভাপতি হিমেল রানা, ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান এবং জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ হাসান টুকু। অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী ও ইথুন বাবু সংগীত পরিবেশন করবেন।
পাবনায় বিএনপির জনসভা কাল, ঐতিহাসিক জমায়েতের আশা
এই সময়ে
সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

