ঈশ্বরদীতে ছেনির ভেতরে গাঁজা, এক ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অভিনব পদ্ধতিতে গাঁজা বহন করার সময় ইয়াসিন আলী খান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যা একটি সিলভার ছেনির (পাইপ) ভেতরে লুকানো ছিল।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার শৈলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর সুত্রে জানা গেছে, ইয়াসিন আলী খানকে শৈলপাড়া গ্রামের একটি পাকা রাস্তার ওপর সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাঁর দেহ ও মাথায় থাকা একটি সিলভার ছেনি তল্লাশি করা হলে দেখা যায়, সেটির ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ছয় কেজি গাঁজা রয়েছে।

গ্রেপ্তার হওয়া ইয়াসিন আলী খানের বাড়ি ঈশ্বরদীর মাজদিয়া মাদ্রাসাপাড়া এলাকায়। তাঁর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। অপরাধীরা যতই চালাকির আশ্রয় নিক, আমরা তাদের ধরবই।’

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন