রূপপুরের মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি স্যাপোডিল। রাশিয়া থেকে ছেড়ে আসা এ জাহাজটি ভারতের কলকাতা বন্দর হয়ে মোংলায় ভিড়ছে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ছেড়ে আসা পানামা পতাকাবাহী জাহাজটি শুক্রবার দুপুর ১টার দিকে মোংলা বন্দরে নোঙর করে।

এমভি স্যাপোডিলের শিপিং এজেন্টে ইন্টারপোর্ট'র খুলনার ম্যানেজার অসিম কুমার সাহা জানান, গত ১৬ জুলাই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে এ মালামাল নিয়ে ছেড়ে আসে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি স্যাপোডিল। এরপর শুক্রবার দুপুর ১টার দিকে মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে এই জাহাজটি। জাহাজে ৩ হাজার ২৪৩ দশমিক ৩৫মেট্টিক টন মেশিনারি পণ্য রয়েছে। শুক্রবার বিকেল ৪টা থেকে জাহাজের পণ্য খালাস শুরু হয়। পণ্য খালাস শেষে আগামী মঙ্গলবার মোংলা বন্দর ত্যাগ করবে এ জাহাজটি। এরপর খালাসকরা বিভিন্ন ধরনের মেশিনারি পণ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে নেয়া হবে।

অসিম কুমার সাহা আরও জানান, রাশিয়া থেকে ছেড়ে আসা এ জাহাজটি প্রথমে ভারতের কলকাতা বন্দরে পণ্য খালাস করে। এরপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন