![]() |
| প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে গরুচোর সন্দেহে বাবু হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের গোয়াল বাথান এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ শুক্রবার সকালে পুলিশ গিয়ে নিহত ব্যক্তি লাশ উদ্ধার করে।
নিহত বাবু হোসেনের বাড়ি জেলার সাঁথিয়া উপজেলার দত্তকান্দি গ্রামে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিবাগত রাত দুইটার দিকে গ্রামের ঈদ্রিস আলী নামের এক ব্যক্তির বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। চোরেরা গোয়ালঘর থেকে গরু নিয়ে পালানোর সময় বাড়ির লোকজন টের পান। এ সময় তাঁরা চিৎকার–চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা ‘চোর চোর’ বলে ধাওয়া দেন। একপর্যায়ে গ্রামের তালতলা মাঠ থেকে বাবু হোসেনকে চোর সন্দেহে আটক করেন গ্রামবাসী। পরে তাঁকে মারপিট শুরু করলে কিছুক্ষণ পর তিনি মারা যান।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান বাশির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মারপিটের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

