বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটে মৌ খামারী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ‘মৌমাছি গবেষণায় বিএসআরআইয়ের ভূমিকা’ শীর্ষক মৌ খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট (বিএসআরআই) এর কীটতত্ব বিভাগ এ সমাবেশের আয়োজন করে। পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মধু ও মৌচাষ গবেষণা কার্যক্রম জোরদার কর্মসূচির আওতায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএসআরআইয়ের ইয়াছিন আলী প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত মৌ খামারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানের মহাপরিচালক (ডিজি) ড. মো. ওমর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএসআরআইয়ের পরিচালক (টিওটি) মোছা. ইসমাৎ আরা। এতে সভাপতিত্ব করেন বিএসআরআইয়ের কীটতত্ব বিভাগীয় প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আতিয়ার রহমান। 

বিএসআরআইয়ের ডিজি ড. ওমর আলী বলেন, মৌ মাছি সংরক্ষণ, মৌ স্বাস্থ্য ব্যবস্থাসহ মৌ চাষে সুবিধাজনক সব ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌ মাছি থেকে মধু উৎপাদন করে দেশ বিদেশে রপ্তানি হবে এটা আমরা প্রত্যাশা করি। আলোচনা শেষে ৩০ মৌ চাষির প্রত্যেককে ২টি করে মৌ সংরক্ষণ বক্স প্রদান করা হয়।

মৌ খামারী সমাবেশে আরও বক্তব্য রাখেন মুখ্য কৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাসিবুর রহমান, প্রকল্প পরিচালক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. তোফায়েল আহমেদ, কীটতত্ব বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুরে আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা এলমুরুর রেজা, মৌ খামারী জাহাঙ্গীর আলম ও শিশির কুমার রায়। এই সমাবেশে দেশের ৩০ জন মৌ চাষি অংশগ্রহণ করেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন