পদ্মা নদীতে যৌথ প্রশাসনের অভিযান. দু'জনের অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক: পদ্মানদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে ঈশ্বরদী ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন যৌথভাবে পাকশীর পদ্মানদীতে এ অভিযান পরিচালনা করে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেড়ামারা সীমানায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তির প্রত্যেককে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

দন্ডিতরা হলেন ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রামের ইদ্রিস প্রামাণিকের ছেলে আরিফুল ইসলাম এবং একই ইউনিয়নের রায়টা গ্রামের বজলু মসলদারের ছেলে রফিকুল ইসলাম। 

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু ও ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির এ অভিযানের নেতৃত্ব দেন।

ঈশ্বরদী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ দুপুরে পদ্মা নদীর সাঁড়াঘাট, পাকশী ও ভেড়ামারা প্রান্তে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পাকশীর নদীপ্রান্তে কাউকে পাওয়া যায়নি। তবে ভেড়ামারা প্রান্তে নদীর মাঝ থেকে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত 'বালুবহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা’ অনুযায়ী জড়িত দুইজনের প্রতিজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও সর্তক করেন। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন।

ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির বলেন, অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটা বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। শীঘ্রই অভিযান চালানো হবে।
স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন