স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে 'ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা' বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণকারীদের 'ডেঙ্গু জ্বর কী, এই জ্বর প্রতিরোধে করণীয়, জ্বরের লক্ষণ, চিকিৎসাসহ ডেঙ্গু ব্যবস্থাপনা' নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন ও পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসমা খান বলেন, ঈশ্বরদীতে ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে। একজন মাত্র রোগীর মৃত্যু ছাড়া নতুন ভাবে এখানে কেউ আক্রান্ত হয়নি।

তিনি জানান, গতবছর রূপপুর প্রকল্পের অভ্যন্তরে উদ্বেগজনক হারে দেশি-বিদেশির অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। এবারও সেই উদ্বেগ বাড়ছে। কারণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্লান্ট এলাকার মধ্যে পানি জমে থাকায় পরিস্কার পরিচ্ছন্ন করা সমস্যা। মশার ওষুধ দেওয়াও সম্ভব না। এ অবস্থায় রূপপুর প্রকল্পের প্লান্ট এলাকার কাছাকাছি মশা নিধনে ধোঁয়া জাতীয় কিছু দেওয়া যায় কিনা- সেজন্য রূপপুর প্রকল্পের পরিচালককে জানাতে উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম শামীম, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু, সাপ্তাহিক জনদৃষ্টি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দৈনিক বীর বাংলা সম্পাদক ওহিদুজ্জামান টিপু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, স্বাস্থ্য পরিদর্শক সানোয়ার হোসেন ও শিক্ষক আক্তারী বানু নিমনী বক্তব্য রাখেন। সাংবাদিক টিপু সুলতান এ সময় উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন