নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈশ্বরদী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার পূর্বটেংরী বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সমবায় সমিতি সূত্রে জানা গেছে, মোট ২৩৯ জন ভোটারের মধ্যে ২২০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে চেয়ার প্রতীকে ১৫১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. মোস্তাফিজুর রহমান রবি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নজরুল ইসলাম (মাছ প্রতীক) পান ৫৯ ভোট।
সহসভাপতি পদে মো. হেলাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে বাইসাইকেল প্রতীকে ১৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন রফিকুল ইসলাম; তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আমান উল্লাহ (মই) পান ৫৬ ভোট।
এ ছাড়া সদস্য পদে মো. হাফিজুল ইসলাম (১৩১ ভোট), মো. আইরুল ইসলাম (১৩০ ভোট) ও মো. আসাদুজ্জামান (১২৩ ভোট) নির্বাচিত হয়েছেন।
এর আগে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে নির্বাচনের উদ্বোধন করেন ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহাবুবুর রহমান পলাশ। উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আকন্দ রাব্বিউল্লাহ মানিক ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করেন।
ভোট গ্রহণকালে ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার ও ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন কেন্দ্র পরিদর্শন করেন।

