নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোবারক হোসেন নামের এক ব্যক্তির শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
জানা গেছে, গত ১৯ অক্টোবর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে কৌশলে মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি লিচুবাগানে নিয়ে যান মোবারক হোসেন। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টার একপর্যায়ে তার চিৎকার ও কান্নাকাটিতে তিনি তাকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ দেয়। এ ঘটনায় শিশুটির বাবা আমিরুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পাঁচ বছর বয়সী একটি শিশুর সঙ্গে এমন ন্যক্কারজনক অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধের দায় এড়ানোর চেষ্টা করছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁকে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শিশুটির বাবা আমিরুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও বিপ্লব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহনাজ পারভীন মাহফুজা, মহিলা দলের সাধারণ সম্পাদক মাফরুহা পারভীন চামেলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেদায়াতুল ইসলাম অনিক এবং জেলা কৃষক দলের সহঅর্থ সম্পাদক আবু তালেব জোয়ার্দ্দার।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি মোবারক হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



