শরৎ উৎসব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শরৎ উৎসব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পাকশী জোড়া সেতুতে সুরের মূর্ছনায় শরৎ বন্দনা

নিজস্ব প্রতিবেদক: নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নদীর ধারে কাশবনের মৃদু দোলা—প্রকৃতিতে এখন শরৎকালের রাজত্ব। যান্ত্রিক ও ব্যস্ত শহরের ভিড় ঠেলে এই স্নিগ্ধ ঋতুকে বরণ করে নিতে ঈশ্বরদীর ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু (জোড়া সেতু) প্রাঙ্গণে বসেছিল সুরের আসর। সাংস্কৃতিক সংগঠন ‘কলের গান’-এর আয়োজনে অনুষ্ঠিত এই বর্ণিল শরৎ বরণ উৎসব মুগ্ধ করেছে সংস্কৃতিপ্রেমীদের।

চলতি মৌসুমে মেঘ-বৃষ্টির লুকোচুরি শেষ হতেই প্রকৃতি সেজেছে নতুন সাজে। নদীর কিনারায় ও খোলা প্রান্তরজুড়ে উঁকি দিচ্ছে গুচ্ছ গুচ্ছ কাশফুল। এমন মোহনীয় প্রাকৃতিক পরিবেশকে উদ্‌যাপন করতেই ব্যতিক্রমী এই আয়োজন করে ‘কলের গান’।

শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ‘কলের গান’-এর নিজস্ব শিল্পীরা এবং রাজশাহী বেতার থেকে আমন্ত্রিত বিশেষ শিল্পীবৃন্দ। তাদের কণ্ঠে শরতের গান ও সুরের পসরা হার্ডিঞ্জ ব্রিজ প্রাঙ্গণের চারপাশকে এক অন্যরকম মায়াবী রূপ দেয়।

অনুষ্ঠানের পেছনের ভাবনা সম্পর্কে ‘কলের গান’-এর পরিচালক ও বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী মানিক মণ্ডল বলেন, ‘ব্যস্ত নাগরিক জীবনে আমরা আমাদের উৎসব আর ঋতু বৈচিত্র্যকে হারাতে বসেছি। ‘কলের গান’ সবসময় এ দেশের শেকড় ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে কাজ করে। শরতের এই শুভ্রতা মানুষের মনের সব কালিমা দূর করে পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক—এটাই আমাদের বড় প্রত্যাশা।’

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন