ফায়ার সার্ভিস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফায়ার সার্ভিস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে বিকল্প যোগাযোগব্যবস্থা যাচাইয়ে বিশেষ মহড়া

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় আগুন, বিকিরণ জরুরি অবস্থা ও স্বাভাবিক যোগাযোগ বন্ধ হয়ে গেলে বিকল্প ব্যবস্থা চালুর সক্ষমতা যাচাইয়ে বিশেষ মহড়া হয়েছে।

রোববার সকালে উপজেলার পাকশী ইউনিয়নের অস্থায়ী সেনাক্যাম্প মাঠে ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এআরএবি) যৌথ উদ্যোগে এ মহড়া হয়। তিন দিনব্যাপী ‘কমিউনিকেশন এক্সারসাইজ’-এর অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগীয় টিম এটি পরিচালনা করে। ২৫ আগস্ট পর্যন্ত এ অনুশীলন চলবে।

জানা গেছে, মহড়ায় বিদ্যুৎকেন্দ্রের একটি সহায়ক ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি থেকে আগুন, ধোঁয়া সৃষ্টি, বিকিরণ সতর্কতা এবং একই সময়ে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট ও ল্যান্ডলাইন অচল হয়ে পড়ার একটি কাল্পনিক পরিস্থিতি তৈরি করা হয়।

সংবাদ পেয়ে ফায়ার অ্যান্ড রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকিরণ অস্বাভাবিকতা শনাক্ত হওয়ায় এলাকাটিকে সংরক্ষিত ঘোষণা করে রেডিয়েশন প্রটেকশন টিম। সাধারণ যোগাযোগ বন্ধ থাকায় অ্যামেচার রেডিওর মাধ্যমে বিকল্প নেটওয়ার্ক গড়ে তোলা হয়। এই ব্যবস্থায় বিভিন্ন সংস্থার মধ্যে জরুরি বার্তা আদান-প্রদান করা হয়। একপর্যায়ে প্রাথমিক রেডিও চ্যানেল অচল করে ব্যাকআপ চ্যানেলের মাধ্যমে যোগাযোগ চালুর দক্ষতা দেখা যায়।

পাশাপাশি কাল্পনিকভাবে আহত তিন কর্মীকে উদ্ধার করে ফিল্ড মেডিকেল পয়েন্টে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মহড়ায় পাবনার ঈশ্বরদী এলাকার চারটি ফায়ার সার্ভিস ইউনিট অংশ নেয়।

মহড়ায় সার্বিক নেতৃত্ব দেন পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরফুল আহসান ভূঁইয়া। সার্বিক পরিচালনায় ছিলেন উপসহকারী পরিচালক মো. সাদিকুল বারী, রাজশাহীর সহকারী বেতার প্রকৌশলী আবু সুফিয়ান ও এআরএবির প্রতিনিধিরা।

দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণ ও আহতদের উদ্ধারের পর ‘অল ক্লিয়ার’ সংকেত দিয়ে মহড়ার সমাপ্তি ঘোষণা করা হয়। পরে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস জানায়, দুর্যোগে স্বাভাবিক যোগাযোগ অচল হলে বিকল্প রেডিওর মাধ্যমে দ্রুত সাড়াদান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করাই এর উদ্দেশ্য। সংশ্লিষ্ট ব্যক্তিরা স্পষ্ট করেছেন, এই মহড়াটি সম্পূর্ণ কাল্পনিক এবং এর সঙ্গে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাস্তব কোনো দুর্ঘটনার সম্পর্ক নেই।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন