নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র প্রার্থী ও বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম নয়ন। বুধবার বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে রফিকুল ইসলাম নয়ন বলেন, সপ্তাহে অন্তত একদিন নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখলে এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালালে ডেঙ্গুর বাহক মশার প্রজনন রোধ করা সম্ভব। তিনি ছাদবাগানসহ বাড়ির আশপাশে তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ডেঙ্গুতে অনেক প্রাণহানি ঘটেছে; পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমে আর কোনো প্রাণহানি ঘটতে দেওয়া যাবে না। এ সময় তিনি বৃক্ষরোপণ কর্মসূচির চারাগুলোর সঠিক পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।
কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ডের অলিগলি, ড্রেন ও রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি মশকবিরোধী ওষুধ স্প্রে এবং হ্যান্ডমাইকে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আয়নুল ইসলাম, ঈশ্বরদী পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আজগর হোসেন মুকুল, কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন পার্থিব, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সম্রাট হোসেন ও উপজেলা ছাত্রদল নেতা আল-আমিন হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা।
