দৃষ্টান্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দৃষ্টান্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অর্থাভাবে অনিশ্চিত ছিল মেডিকেল পড়া, ফাতেমার পাশে প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মেধার জোর থাকলেও অর্থাভাবে চীনের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞান পড়ার স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছিল মোছা. ফাতেমা খানমের। তবে নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের এই শিক্ষার্থীর পাশে এসে দাঁড়িয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এবং প্রধানমন্ত্রী। তাঁদের সহযোগিতায় ফাতেমার উচ্চশিক্ষার দুয়ার খুলল।

পারিবারিক সূত্রে জানা গেছে, চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুসংবাদ পাওয়ার পর ভর্তি ফি ও আনুষঙ্গিক খরচ বহনের সামর্থ্য না থাকায় চরম হতাশায় পড়ে ফাতেমার পরিবার। বিষয়টি জানতে পেরে প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে ফাতেমাকে ১ লাখ ৫০ হাজার টাকা দেন। পাশাপাশি তাঁর পড়াশোনা নিরবচ্ছিন্ন করতে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পাঠান তিনি। এর ভিত্তিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়।

২৭ আগস্ট, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নিজ হাতে ফাতেমার কাছে অনুদানের অর্থ তুলে দেন। এতে অর্থের সংকট কাটিয়ে চিকিৎসাবিজ্ঞান পড়ার পথ সুগম হলো তাঁর।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের এলাকার কোনো মেধা যেন অর্থাভাবে ঝরে না পড়ে, সেটিই লক্ষ্য। ফাতেমা অত্যন্ত মেধাবী, তাঁর পাশে দাঁড়াতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও তাঁর পড়াশোনায় সহযোগিতা অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রীর দূরদর্শী ও মানবিক নেতৃত্বের কারণেই এমন উদ্যোগ সম্ভব হচ্ছে বলে জানান তিনি।

মেধাবী শিক্ষার্থী ফাতেমা খানম ও তাঁর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন