নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে সিল্কসিটি এক্সপ্রেসে ওঠার সময় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
আটক চার নারী হলেন পাবনার চাটমোহরের শেফালী বেগম (৩২), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের রোজিনা আক্তার (২৫) ও সরাইলের মায়া ওরফে সুবর্ণা (২২) এবং হবিগঞ্জের মাধবপুরের রুপালী (২২)।
অভিযোগকারী নাটোরের লালপুরের আজিজা খাতুন জানান, টাঙ্গাইলে যাওয়ার উদ্দেশ্যে তিনি সিল্কসিটি ট্রেনে উঠছিলেন। এ সময় কয়েকজন নারী পরিকল্পিতভাবে ভিড় ও ধাক্কাধাক্কি শুরু করেন। এই সুযোগে তাঁর গলায় থাকা লকেটসহ প্রায় ১২ আনা ওজনের স্বর্ণের চেইন খুলে নেওয়া হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার টাকা।
তাঁর চিৎকারে উপস্থিত যাত্রীরা তিনজনকে আটক করেন। পরে ট্রেনে পালিয়ে যাওয়া শেফালী বেগমকেও যাত্রীদের সহায়তায় আটক করে পুলিশ।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ চার নারীকে আটক করে। ছিনতাই হওয়া চেইন উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

.jpg)
