নিজস্ব প্রতিবেদক: ভোট দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আবার নির্বাচিত হলে আগুন সন্ত্রাসের হুকুমদাতাকে লন্ডন থেকে এনে বিচার করা হবে।’
শনিবার গোপলগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপলক্ষে সাত সকালেই মানুষের ঢল নামে টুঙ্গিপাড়ার পথে পথে। নৌকার মিছিলে মুখরিত হয় মধুমতি তীরের এই জনপদ। গন্তব্য শেখ হাসিনার নির্বাচনী জনসভার মাঠ।
শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এ জনসভার আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ। নিজের নির্বাচনী আসন। তাই নিজের জন্য ভোট চাইতে এসেছেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। কানায় ভরা জনসমাবেশে জাতীয় পতাকা উড়িয়ে তাঁদের স্বাগত জানায় জনতা।
শীতের সকালে কষ্ট করে আসার জন্য নির্বাচনী জনসভা থেকে টুঙ্গিপাড়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সমর্থন আমার জন্য সবচেয়ে বড় শক্তি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। ভোট দিয়ে এদেশের মানুষদের তার জবাব দিতে হবে।’ শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন বানচালে যারা ষড়যন্ত্র করছে, তাদের ছাড় দেয়া হবে না।’
উপজেলা আওয়ামী লীগের এই জনসভায় প্রধানমন্ত্রী নিজ দলের জন্য ভোট চান। নিজের জন্যও ভোট চান। এখানকার ভোটারদের ভোটে তিনি সাত বার সংসদ সদস্য হয়েছেন। চার বার হয়েছেন প্রধানমন্ত্রী।
.jpg)

