গোকুলনগর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গোকুলনগর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীর গোকুলনগর এলাকায় ডাকাত আতঙ্কে রাত জাগছেন বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর গোকুলনগর এলাকায় অপরাধমূলক তৎপরতা ও ডাকাত আতঙ্ক বেড়ে যাওয়ায় নিজ উদ্যোগে রাত জেগে পাহারা দেওয়া শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি এক সচেতনতামূলক মতবিনিময় সভার পর এই যৌথ উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক পুলিশন ধরে রাতের আঁধারে মুখ ও চোখ বাঁধা এবং দেশীয় ও ভারী অস্ত্রসজ্জিত একটি সংঘবদ্ধ দলের সন্দেহজনক ঘোরাফেরা লক্ষ্য করা গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রাতের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন সাধারণ মানুষ। এই পরিস্থিতি মোকাবিলায় এলাকার প্রতিটি প্রবেশপথ ও অলিগলিতে স্থানীয় যুবকদের সমন্বয়ে নিয়মিত পাহারার ব্যবস্থা করা হয়েছে।

সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার খবর দ্রুত একে অপরকে জানাতে বিশেষ যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অপরিচিত কোনো ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য এলাকায় মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন আক্কেল মালিথা, শেখ মজনু, সোলেমান মন্ডল, আব্দুর রহমান ও আব্দুল কুদ্দুস সানাসহ অনেকে। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে ঐক্যবদ্ধভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় পাহারার পাশাপাশি স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এলাকায় পুলিশি টহল আরও বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, গোকুলনগর এলাকায় অপরাধী চক্র বা ডাকাত দলের উপস্থিতির খবর পাওয়ার পর থেকেই এলাকাবাসীর পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপরাধ ও ডাকাতি প্রতিরোধে পুলিশ প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন