গাছ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গাছ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সরকারি এডওয়ার্ড কলেজে রোটারী ক্লাবের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রোটারী ক্লাব অব পাবনার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। শুক্রবার সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে পরিবেশবান্ধব এই কর্মসূচি সম্পন্ন হয়।

এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আওয়াল প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এস এম ফরিদ। এ ছাড়া রোটারী ডিস্ট্রিক্টের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (আরআইডি-৬৪) রোটা. গোলাম হাসনায়েন বিপ্লব।

কর্মসূচিতে ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব পাবনার সভাপতি মিজানুর রহমান, সম্পাদক শফিকুর রহমান শান্ত, সাবেক সভাপতি পিপি ফরিদুল ইসলাম এমপিএইচএফ,  খন্দকার মবিদুর রহমান সেতু, এস এম আলাউদ্দিন পরাগ এবং নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া।

আয়োজনটির মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন  ড. আহম্মেদ মাহাদী এমপিএইচএফ। এ সময় আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান খোকন, তানভীর সিদ্দিকী রাসেল, অধ্যক্ষ নূরুল আলম বাচ্চু, জিয়াউর রহমান জিউ, মাহাবুবুল আলম ফারুক এমপিএইচএফ, প্রীতিশ কুমার কুন্ডু ও রফিকুল ইসলাম।

মূল ক্লাবের পাশাপাশি যুবসমাজকে উৎসাহিত করতে এ কার্যক্রমে অংশ নেয় রোটার্যাক্ট ক্লাব অব ইছামতি, রোটার্যাক্ট ক্লাব অব পাবনা, ইন্টারাক্ট ক্লাব অব পাবনা এবং ইন্টারাক্ট ক্লাব অব ইছামতি। 

ঈশ্বরদীতে কৃষকের এক হাজার লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা


নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে সুমন আলী নামের এক কৃষকের লাউ বাগানে হামলা চালিয়ে এক হাজার লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতের কোনো এক সময়, উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে।

ক্ষতিগ্রস্ত সুমন আলী জানান, পাবনা চিনিকলের পশ্চিম পাশে তিন বিঘা জমিতে তিনি লাউয়ের চাষ করেছিলেন। কিছুদিনের মধ্যেই ফলন বাজারে বিক্রি উপযোগী হতো। কিন্তু তার আগেই কে বা কারা রাতের আঁধারে পুরো বাগান নষ্ট করে দিয়েছে।

সুমনের ভাষায়, ‘প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে মাঠে গিয়ে দেখি বাগানের সব লাউগাছ কেটে ফেলা হয়েছে। প্রতিটি গাছের গোড়া কাটা, পাতাগুলো শুকিয়ে মাটিতে লটকে আছে। মুহূর্তেই আমার সব স্বপ্ন ভেঙে যায়।’

তিনি আরও বলেন, ‘লাউ বিক্রি করে সংসার চালানো, ঋণ শোধ আর ছেলেমেয়ের জন্য কিছু করার পরিকল্পনা ছিল। এখন আমি নিঃস্ব।’

সুমনের বাবা ইয়ার আলী বলেন, ‘এতে আমাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।’

এ বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে যোগাযোগ করেছি। ইতোমধ্যে দুইজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কৃষি অফিস থেকে যতটুকু সম্ভব সহায়তা করা হবে।’

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন