ক্রীড়াসামগ্রী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ক্রীড়াসামগ্রী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেছে লক্ষীকুণ্ডা ইউনিয়ন পরিষদ।  সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল, ক্রিকেট ব্যাট, বল ও স্টাম্পসহ বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বিদ্যালয়গুলোর ক্রীড়াচর্চাকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দীন। এ ছাড়া লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম রঞ্জু বিশ্বাস, বিএনপি নেতা আইয়ুব হোসেন ও সাবেক ইউপি সদস্য মিলনসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে এবং তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন