ওয়াজ মাহফিল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওয়াজ মাহফিল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

উত্তেজনা-ছাত্রদলের স্মারকলিপির মধ্যেই ঈশ্বরদীতে সম্পন্ন হলো আমির হামজার ওয়াজ

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতে ঈশ্বরদীতে মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে। বুধবার রাতে উপজেলার সাহাপুরে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলার সাহাপুরের কদিমপাড়া দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত এই মাহফিল ঘিরে গত এক সপ্তাহ ধরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছিল। কদিমপাড়া দারুল কোরআন মাদ্রাসার পরিচালক মাহমুদ হোসেন শাহজাহানের পরিচালনায় মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা হাফিজুর রহমান জিহাদী ও হাফেজ মাওলানা সোহাইল মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

আয়োজকদের ভাষ্য, গত দুই বছর এই মাদ্রাসার উদ্যোগে মুফতি আমির হামজার তাফসির মাহফিল আয়োজনের পরিকল্পনা থাকলেও রাজনৈতিক বাধার কারণে তা স্থগিত করা হয়। এ কারণে এবার মাহফিল আয়োজন নিয়ে স্থানীয়দের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়।

এদিকে ওয়াজ মাহফিলে রাজনৈতিক আলোচনা, দলীয় প্রচার ও ব্যক্তিগত আক্রমণ বন্ধের দাবি জানিয়ে মাহফিলের আগে ঈশ্বরদী থানায় একটি স্মারকলিপি দেন স্থানীয় ছাত্রদলের নেতারা। গত ১৭ অক্টোবর দেওয়া ওই স্মারকলিপিতে বলা হয়, ধর্মীয় আলোচনা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ওয়াজ মাহফিল আয়োজন ইতিবাচক হলেও ধর্মীয় মঞ্চে রাজনৈতিক বক্তব্য বা ব্যক্তিগত আক্রমণ করা হলে স্থানীয় পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে। এ ধরনের বক্তব্য রোধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

মাহফিলের আগে ছাত্রদলের এই স্মারকলিপি প্রদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ছাত্রদল ও জামায়াতে ইসলামীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, মাহফিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা থাকায় যেকোনো ধরনের সংঘাত এড়াতে মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন